ডিজিটাল বৈষম্য ঘুচতে সজাগ থাকার আহ্বান

২ জুলাই, ২০২৪ ২৩:৩৭  

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটি'র ৪র্থ সভা অনুষ্ঠিত

হাইব্রিড পদ্ধতিতে মঙ্গলবার (২ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হলো 'স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটি'র ৪র্থ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় ভিডিও কসফারেন্সিং প্লাটফর্ম বৈঠক-এ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বক্তব্যে তিনি দেশে যেনো ডিজিটাল বৈষম্য তৈরি না হয় সে জন্য অংশীজনদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আর এজন্য সরকার আইসিটি সেক্টরকে সকল ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

'স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটি'র সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় ক্যাশলেস টোল ব্যবস্থাপনা, ইন্টার অপারেবল ডিজিটাল প্লাটফর্ম বিনিময়, আইসটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি লক্ষমাত্রা অর্জনের কৌশল, গুরুত্বপূর্ণ প্রকল্পে বিদেশী কোম্পানির সঙ্গে দেশী কোম্পানীর যৌথ অংশীদারিত্ব, স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় ই-মিউটেশন ও দলিল নিবন্ধনের মধ্যে সংযোগ স্থাপন, শেয়ার্ড হেলথ রেকর্ড বাস্তবায়ন, সিঙ্গেল রেজিস্ট্রি-এমআইএস ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও নানা বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনলাইনে সংযুক্ত থেকে বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রমুখ।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, এটুআই প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্, স্টার্টাআপ কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্মার্ট বাংলাদেশের বিভিন্ন রূপকল্প নিয়ে প্রেজেন্টেশন দেন এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী।

সূত্রমতে, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ ও আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ ও সরকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে সংযুক্ত ছিলেন। এদের মধ্যে আইসিটি রফতানি লক্ষ্যমাত্রা নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বেসিস সভাপতি।

এর আগে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৪’ আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতিমূলক সভা করেন প্রতিমন্ত্রী পলক। সভায় প্রস্তাবিত কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই দিনে বাংলাদেশ-মালোয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাব্বির আহমেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।